
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রথমবার সংসদ সদস্য হয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন একঝাঁক নতুন মুখ, যাদের মধ্যে সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও রয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে কোট-প্যান্ট পরে সংসদ নেতা তারেক রহমান যখন সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করছিলেন, তখন সাংসদরা তাকে টেবিল চাপড়িয়ে অভিবাদন জানায়। হাস্যোজ্জ্বল তারেক রহমান এসে চারপাশে তাঁকিয়ে নিজের আসনে বসেন। এসময়ে ভিভিআইপি লাউঞ্জের প্রথম সারিতে বসা প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্য জাইমা রহমান দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান।
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচিত হয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পা রেখেছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়াউর রহমানের পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকার প্রধান হিসেবে বৃহস্পতিবার সংসদে পা রাখলেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করছেন।
প্রথমবারের মতো সংসদে পা রেখেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, যিনি ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন সংসদে। সংসদের অধিবেশন কক্ষে বিরোধী দলের নেতার আসনে বসেছেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে ২২৫ জনই প্রথমবার সাংসদ হয়ে অধিবেশনে যোগ দিয়েছেন।



