নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২১ মে) ভোররাত ৩টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৮টার পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যায়।
স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।