
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যে কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪টি মূল স্তম্ভ এবং একটি নতুন উপাদানে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে ‘কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন’ আয়োজিত ‘কেমব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, বিভিন্ন শিক্ষা ধারার সমন্বয় এবং প্রযুক্তি তথা এআই ও ফিউচার জবসের সংযোজনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ববি হাজ্জাজ বলেন, ‘নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন নির্ধারণ করেছে। এই ভিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে তোলা।’
শিক্ষা ধারার বৈচিত্র্য ও সমতার বিষয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশে ২৭টিরও বেশি ধরনের শিক্ষা ধারা বিদ্যমান। এসব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করার তাগিদ দেন তিনি।’
তিনি বলেন, ‘মাদরাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম কিংবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মৌলিক জ্ঞান ও দক্ষতায় সমমানের সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে।’
শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাকে অগ্রগণ্য উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘চাকা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।’
দেশের বিপুলসংখ্যক শিক্ষকের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে কেমব্রিজের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ও অন্যান্য আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
