
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

ঝিনাইদহের শৈলকূপায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। স্বজনপ্রীতি ও দুর্নীতির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাতে বঞ্চিত প্রার্থীদের পক্ষে লিমন হোসেন নামের এক আবেদনকারী শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, প্রকাশিত চূড়ান্ত তালিকায় চরম অবমূল্যায়ন করা হয়েছে মেধা ও যোগ্যতাকে। কোনো প্রকার ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ না করেই সম্পূর্ণ অস্বচ্ছ ও পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ায় প্রভাবশালী ব্যক্তির সুপারিশে তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রকৃত যোগ্য, অভিজ্ঞ ও বেকার যুবকদের বাদ দিয়ে অনৈতিক আর্থিক সুবিধা ও রাজনৈতিক প্রভাবে অযোগ্যদের নির্বাচিত করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
বঞ্চিত প্রার্থীরা জানান, সম্পূর্ণ প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ। দুর্নীতির সঠিক তদন্ত করে অবিলম্বে এ বিতর্কিত তালিকা বাতিল ও পুনরায় মেধার ভিত্তিতে মূল্যায়নের জোর দাবি জানান তারা।
স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
