
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার সেনাসদস্য স্বামী আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুলি খাতুন (২৮) শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। তার স্বামী সোহেল রানা নড়াইলের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তুলি তার স্বামী সোহেলের সঙ্গে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাইপাস গ্যাসডিপো এলাকায় পৌঁছালে পাশের রাস্তা থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় খুলনাগামী গড়াই পরিবহনের বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তুলি খাতুন। আহত হন তার স্বামী সেনাসদস্য সোহেল রানা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
