
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ স্টেশন ব্রাহ্মণবাড়িয়ায় গত ৭ মাসে প্রায় ১০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। বিপুল রাজস্ব আয়ের পরও নানা সংকটে জর্জরিত স্টেশনটি। টিকিটের অপ্রতুলতা, কালোবাজারিদের দৌরাত্ম্য, বিশ্রামাগারের দুরবস্থাসহ নানা সংকটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। যদিও এসব সংকট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নেই কর্তৃপক্ষের।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় নিত্যদিনের। সাশ্রয়ী ভাড়া আর সড়কপথের ভোগান্তি এড়াতে ট্রেনেই স্বাচ্ছন্দ্য যাত্রীদের। তবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের জন্য বরাদ্দ টিকিট সংখ্যা যাত্রী তুলনায় খুবই অপ্রতুল। এছাড়া কালোবাজারিদের দৌরাত্ম্যে যাত্রার কয়েকদিন আগেও টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক যাত্রীর।
যাত্রীর পাশাপাশি রাজস্ব বাড়লেও বাড়েনি সেবার মান। স্টেশনে সুপেয় পানির সংকট, শৌচাগার ও বিশ্রামাগারের দুরবস্থা এবং স্টেশনের অপরিচ্ছন্নতায় বাড়ছে যাত্রীদের ভোগান্তি। এ অবস্থায় ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন ট্রেন চালুসহ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি যাত্রীদের।
যাত্রীরা জানান, যে যাত্রী আমাদের এখানে হয়, তাতে কিন্তু সীটের সংখ্যা খুবই কম আছে। কর্তৃপক্ষ বলে যে বাজেট নেই। তো বাজেট কেন থাকবে না? এখানে পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত বাজেট রাখতে হবে।
তবে স্টেশনের অভ্যন্তরে কালোবাজারি হয় না দাবি করে, যাত্রী ভোগান্তি নিরসনে ট্রেনের টিকিট সংখ্যা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাকির জাহান বলেন, আমাদের রেলওয়ের আইন হলো যার আইডি দিয়ে সে-ই ভ্রমণ করবে। আইডি যার, ভ্রমণ তার। এখন আপনি দেখা যাচ্ছে যে বাইরে ভিন্নজনের আইডি নিয়ে আসবেন, বহিরাগত কারও হোয়াটসঅ্যাপে, মোবাইলে, অনলাইনে টিকেট নিয়ে আসবেন, এগুলা তো আমার স্টেশনের বাইরে। এরপরও আমরা পাবলিকরে সচেতন করছি যে এগুলা যাতে না করা হয়। আর আমার স্টেশনে ওই কালোবাজারি এগুলা নাই এখন। দীর্ঘদিন ধইরাই ওই টিকেটের সিট আসন বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে দাবি জানায়ে আসছি। উনারাও এ বিষয়ে অবগত আছেন
প্রতিদিন ৬-৭ হাজার যাত্রী চলাচল করলেও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিভিন্ন রুটে চলাচলকারী ১৪টি আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনের টিকিট রয়েছে মাত্র ২ হাজার।
