
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

কওমি ও হিফজ শিক্ষাকে ধরে রাখা ব্যক্তিদের সঙ্গে সরকারের করা কমিটমেন্ট রক্ষা করা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা কওমি ও হিফজের শিক্ষাকে ধরে রেখেছেন, তাদের সঙ্গে সরকারের যে কমিটমেন্ট ছিল, তা রাখা হয়নি।’ এ বিষয়ে সংসদে তাদের পক্ষে দাবি তুলে ধরারও আশ্বাস দেন তিনি।
বিশ্বমঞ্চে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের ক্রীড়া ও সংস্কৃতিসহ অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিক অর্জনকারীদের মতো রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেয়ার দাবি জানান জামায়াত আমির।
তিনি বলেন, ‘এ পর্যন্ত বিশ্বমঞ্চে যারা বিজয়ী হয়েছেন, তাদের পর্যায়ক্রমে জামায়াতের পক্ষ থেকেও সংবর্ধনা দেয়া হবে।’ একই সঙ্গে মাদরাসা শিক্ষাকে আরও উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
