
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে বিরোধীদলের যে অবদান, দুটোর মধ্যে মিল থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ এবং উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সরকারের ভুলত্রুটি তুলে ধরবে এবং গঠনমূলক সমালোচনা করবে, এটাই সরকার চায়। তবে তাদের বক্তব্য ও সাংবিধানিক সংস্কারে ভূমিকার মধ্যে মিল থাকতে হবে।
তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অবিরাম ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২০২৪-এর ৫ই আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমরা এই জুলাইকে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য পথনির্দেশক হিসেবে গণ্য করি।
তিনি আরও বলেন, বহু সাহিত্যে, বহু নাটকে, বহু কালচারাল প্রোগ্রামে এই জুলাইকে প্রতিফলন করতে হবে। শুধু জুলাই আসলেই বা বাৎসরিক একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এটা শেষ করা যাবে না।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়ার পাশাপাশি কিছু আইনি ও বিধিবিধানসংক্রান্ত কাজ রয়েছে। সরকার একটি সাংবিধানিক সংশোধনী আনতে চায়। কেউ এটিকে সংস্কার বললে সরকারের আপত্তি নেই। কিন্তু তারা এই সংবিধান সংশোধনীতে বিরোধী দল হিসেবে সহযোগিতা এখনো পর্যন্ত করছে না।
