
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার আদলে ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ ঘটনায় ফেসবুকে দেয়া এক পোস্টে ধর্মীয় পরিচয়ের আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) দেওয়া ওই পোস্টে রুমিন ফারহানা ধর্ষণ, ঘুষ, শিশু নির্যাতন, হত্যাকাণ্ড, নারীর প্রতি সহিংসতা, দুর্নীতি, প্রতারণা ও মিথ্যাচারসহ বিভিন্ন অন্যায়ের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি প্রশ্ন তোলেন, এসব অন্যায়-অপরাধের ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধের কথা সামনে আসে না কেন? এর সঙ্গে যুক্ত করেন এআইনির্মিত ছবিটিও।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অন্যের সম্পদ আত্মসাৎ, নারীর বিরুদ্ধে কুৎসা রটানো, বোনের সম্পত্তির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা, বৃদ্ধ বয়সে বাবা-মাকে অবহেলা করা এবং খাদ্যে ভেজাল মেশানোর মতো কর্মকাণ্ডও নৈতিকতার পরিপন্থী। ধর্মকে ব্যবসা কিংবা অন্যায় আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহারেরও সমালোচনা করেন তিনি। পোস্টের শেষাংশে রুমিন ফারহানা লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’
এদিকে তৈরিকৃত ছবিতে দুর্গার ৮টি হাত দেখা যায়। এ নিয়েও মজা করেছেন রুমিন, সমালোচকদের নিয়েছেন এক হাত। তিনি লিখেছেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কী আর করা।’
