
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, কয়েকজন আহত। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। রমফোর্ডে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা শেষে স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তিদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর নাহিদ ইসলাম আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।
পরে এক ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার নিন্দা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। একই সঙ্গে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
