
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামলী মোড় ভোর সাড়ে ৫টার দিকে ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যানবাহন দুই নারীকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী মারা যান।
একই ঘটনায় গুরুতর আহত হন মুক্তা (৪০) নামে আরেক নারী।
পরে মোহাম্মদপুর থানা-পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
