
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে নিহতের পরিবারের হাতে এক লাখ টাকা ও পরিবারের সদস্যদের জন্য কাপড় তুলে দেওয়া হয়।
এ সময় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমাকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন ডেপুটি স্পিকার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রূপসী বাংলা (আইপি) টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। সাবেক সেনাসদস্য আলিফ ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করতেন তিনি।
আলিফের মৃত্যুর পর তার স্ত্রী ও দুই শিশুসন্তানের অসহায়ত্বের বিষয়টি জানতে পারেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে তার পক্ষ থেকে পরিবারের জন্য আর্থিক সহায়তা ও বস্ত্র দেওয়া হয়।
এ সময় দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, শিক্ষাব্রতী এম এ জিন্নাহ, সাবেক অধ্যক্ষ শহীদ খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর মাস্টারসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বামীকে হারিয়ে শোকাহত আনন্দিতা সাংমা বলেন, ‘যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। যারা আমার দুই সন্তানকে এতিম করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই।’
উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া বলেন, ‘নিহত সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত কেউ যেন পার পেয়ে না যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দলীয়ভাবে আমরা এই পরিবারের পাশে থাকব।’
