
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

পাকা সেতু না থাকায় নদী পারাপারে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ১২ গ্রামের মানুষ। তাদের এই দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্থায়ী পাকা সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত প্রতিবছর কাঠের সেতু নির্মাণের আশ্বাসও দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এলাকাবাসীর দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। তার এই দুঃখ প্রকাশের মধ্য দিয়ে নদীপারের মানুষের দীর্ঘদিনের যোগাযোগসংকট আবারও সামনে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, অস্থায়ী সেতু নির্মাণের পাশাপাশি দ্রুত স্থায়ী পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
ডেপুটি স্পিকার তার ফেসবুক পোস্টে জানান, ‘গত বছরের মত আজ ২৬ অক্টোবর, ২০২৬ তারিখে আবারও নাজিরপুরের পাঁচকাঠা সেতুর উদ্বোধন করলেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। পাকা সেতু নির্মাণের জন্য আমরা চেষ্টা করছি, তবে যতদিন এই সেতু নির্মাণ করতে না পারব ততদিন প্রতি বছরই এই কাঠের সেতু নির্মিত হবে ইনশাআল্লাহ। পাকা সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত এইভাবে নদী পারাপারে যে অসুবিধা হচ্ছে তার জন্য এলাকাবাসীর প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের ১৮২ ফুট দীর্ঘ কাঠের সেতুটি স্থানীয় মানুষের চলাচলের অন্যতম ভরসা। দীর্ঘদিন ধরে সেতুটি চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থীসহ আশপাশের ১২ গ্রামের হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। নদী পারাপারে ঝুঁকি ও ভোগান্তির কারণে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছিল।
ডেপুটি স্পিকারের ব্যক্তিগত উদ্যোগে সেতুটির সংস্কারকাজ শেষ হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় স্কুলশিক্ষার্থীরা সেতুটির উদ্বোধন করে। ছয় ফুট প্রস্থের সেতুটি চালু হওয়ায় পাঁচকাঠা বাজার, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয় ও চারটি মাদ্রাসায় যাতায়াত এখন সহজ হয়েছে। এতে সাময়িক স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
