
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

শ্রম আদালতে বিচারাধীন মামলা সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চট্টগ্রামে আরও দুটি শ্রম আদালত স্থাপনের দাবিতে সাত দফা স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক।
সোমবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রমসচিব বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে সকাল ১১টায় চট্টগ্রাম জেলা পরিষদ ভবন চত্বরে এ দাবিতে সমাবেশ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শ্রম আদালতে মামলা দায়েরের পর বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে শ্রমিকেরা চরম হয়রানি, আর্থিক দুর্ভোগ ও মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। বেআইনিভাবে চাকরিচ্যুতি, বকেয়া মজুরি, সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ আদায়ের মতো শ্রম অধিকার লঙ্ঘনের ঘটনায় আদালতের শরণাপন্ন হয়েও বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ন্যায়বিচার পাওয়ার আগেই শ্রমিকদের জীবনে নেমে আসছে চরম দুর্ভোগ।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২১৬ ধারার উপধারা (১২) ও (১৩) অনুযায়ী মামলা দায়েরের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ে নিষ্পত্তি সম্ভব না হলে যথাযথ কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত ৯০ দিন সময় নেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ আইন অনুযায়ী সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির কথা। কিন্তু বাস্তবে একটি মামলা নিষ্পত্তি হতে চার থেকে পাঁচ বছর, কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি সময় লাগছে। এমনকি পরবর্তী শুনানির তারিখ পেতেও শ্রমিকদের তিন থেকে চার মাস অপেক্ষা করতে হচ্ছে।
বিচারিক দীর্ঘসূত্রতার উদাহরণ তুলে ধরে বক্তারা শিরিনা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডের শ্রমিক মেহেরুন্নেসার মামলার কথা উল্লেখ করেন। নিজের পাওনা আদায়ের জন্য ২০২২ সালের ২৩ আগস্ট চট্টগ্রামের প্রথম শ্রম আদালতে ৭৯/২০২২ নম্বর মামলা করেন তিনি। কিন্তু প্রায় চার বছরেও মামলাটির নিষ্পত্তি হয়নি। এরই মধ্যে প্রায় ছয় মাস আগে মারা যান মেহেরুন্নেসা। জীবদ্দশায় নিজের মামলার রায় দেখে যেতে পারেননি তিনি।
বক্তারা বলেন, ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েও একজন শ্রমিক জীবদ্দশায় মামলার নিষ্পত্তি দেখে যেতে না পারা বিচারিক দীর্ঘসূত্রতার নির্মম চিত্র। এটি শুধু একজন শ্রমিকের ব্যক্তিগত দুর্ভাগ্য নয়, বরং বিচারব্যবস্থার সক্ষমতা ও মানবিক দায়িত্ব নিয়েও প্রশ্ন তৈরি করে।
সমাবেশে বক্তারা শ্রম আদালতে মামলার দীর্ঘসূত্রতার অন্যতম কারণ হিসেবে প্রয়োজনীয় জনবলসংকট ও বিচারিক অবকাঠামোর অপর্যাপ্ততার কথা তুলে ধরেন। তাদের দাবি, আদালতের অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় নিয়োগ না থাকায় বিচারিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। চট্টগ্রামে শিল্পকারখানা ও শ্রমিকের সংখ্যা বিবেচনায় বিদ্যমান দুটি শ্রম আদালতের পাশাপাশি আরও দুটি আদালত স্থাপন জরুরি।
সমাবেশ থেকে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে—চট্টগ্রামের বিদ্যমান দুটি শ্রম আদালতের অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী শূন্য পদে জরুরি ভিত্তিতে নিয়োগ, আরও দুটি শ্রম আদালত স্থাপন এবং পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলাগুলো চিহ্নিত করে আগামী এক মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া। এ ছাড়া এক বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলাগুলো আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি, শ্রম আইনের ২১৬ ধারার বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তি এবং সময় বাড়ানোর ক্ষেত্রে যথাযথ কারণ লিখিতভাবে লিপিবদ্ধ করার দাবি জানানো হয়।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—শুনানির মধ্যে অযৌক্তিক দীর্ঘ বিরতি বন্ধ, নিয়মিত শুনানি নিশ্চিত করা, অপ্রয়োজনীয় মুলতবি এড়িয়ে কার্যকর মামলা ব্যবস্থাপনা চালু এবং দেশের সব শ্রম আদালতের বিচারাধীন মামলার সংখ্যা, মামলার বয়স ও নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করে সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের আহ্বায়ক আবু আহাম্মদ মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সদস্যসচিব হাসিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি মোহাম্মদ আবু ফয়েজ, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল আবসার, চট্টগ্রাম পোশাক শ্রমিক ঐক্য পরিষদের নেতা মো. মোর্শেদ আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। পরে নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিব বরাবর স্মারকলিপি দেন।
