
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার পরও থামেনি আন্দোলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সাভার ও আশুলিয়ার অন্তত ৭টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। চলমান আন্দোলনের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষিত ২২টি কারখানাও আজ বন্ধ রয়েছে। অন্যদিকে, গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ।
সকাল ৯টার দিকে শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ার ৭টি কারখানার শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। আন্দোলনের কারণে আগে বন্ধ ঘোষণা করা ২২টি কারখানাও আজ বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ সচল কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় একদল পোশাকশ্রমিক মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। এতে কিছুসময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।
উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কারখানাগুলোর উৎপাদন সচল রাখতে পুলিশ সতর্ক অবস্থানে থেকে কাজ করছে।
