
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে

সোমবার (২০ এপ্রিল) রাত আড়াইটার দিকে রোয়াংছড়ি উপজেলার পুরাতন বাসস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৩টি বসতঘর, একটি খামারসহ তিনটি ছাগল ও তিনটি গরু পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ির পুরাতন বাসস্টেশন এলাকায় রাত আড়াইটার দিকে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে৷ পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় তিনটি বসতঘর, একটি গরুর খামারসহ খামারে থাকা তিনটি ছাগল ও তিনটি গুরু। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে রোয়াংছড়ি ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
