
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ জুন ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে।
মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরানের চালানো এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কুয়েত। আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। কূটনৈতিক মিশনসহ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বারবার চালানো এই আগ্রাসনের বিরুদ্ধে কুয়েত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রাখে।’ মঙ্গলবারের হামলার কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরে দেশটির কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজ চলাচল সীমিত পরিসরে শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতে হামলা শুরু করে ইরান। যা যুদ্ধবিরতির পর থেকে বন্ধ ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি স্থাপনায় বিমান হামলা করেছে। তেহরান সেটির জবাব হিসেবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা বলছে।
