
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪ বার পঠিত | পড়ুন মিনিটে

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গত সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন সামনে রেখে কেউ কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারকে বিব্রত করতে একটি মহল যে রয়েছে, তা দৃশ্যমান। তারা নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের সামনে রেখে এই আন্দোলন করছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকে পরীক্ষার্থী নয়। পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। যারা পরীক্ষার্থী, তারা সরকারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট। সমস্যার সমাধান হয়ে গেছে।
এই আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কারণ, যারা আন্দোলন করছে, তাদের সংখ্যা বেশি নয়।
বিগত অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে ঢুকে দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেই প্রবণতার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেবে সরকার। বাংলাদেশের শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক একটি জাতি গড়ে তুলতে চায় বর্তমান সরকার।
জুলাই গণ–অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের সময় অটোপাস, অতিরিক্ত নম্বর দেওয়া ও ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতি তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। এসব কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে। শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন ভারতে গ্রেপ্তার হয়েছেন। তাঁদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চান এক সাংবাদিক। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী যা করা দরকার, সরকার তা করেছে। বেনজীরের বিষয়ে তথ্য–উপাত্ত চেয়েছিল সংযুক্ত আরব আমিরাতের সরকার। তারা বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিতে বলেছিল। সেসব কাগজপত্র তিন দিনের মধ্যে দেওয়া হয়। ওসমান হাদি হত্যার তিন আসামি ভারতের গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিষয়ে ভারত সরকারকে বিস্তারিত জানানো হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি আছে। ভারত একটু সময় নিচ্ছে।
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারকে তাগাদা দেওয়া হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকার তাঁকে ফেরত আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছিল। আদালতে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ আছে কি না, সেটা আইনজ্ঞরা বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে রায় কার্যকর করা হবে। যদি আপিলের সুযোগ থাকে, তখন আপিল হবে। তিনি মাঝেমধ্যে বাংলাদেশে আসার ঘোষণা দিচ্ছেন। সরকার তাঁকে আইন অনুযায়ী ফেরাতে চায়।
এ সময় আরেক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনাকে কীভাবে ফেরত আনা হবে। তখন সালাহউদ্দিন আহমদ বলেন, সেটা ভারত সরকারের বিষয়। তারা কি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে নাকি অন্যভাবে পাঠাবে, সেটা তাদের বিষয়। বাংলাদেশ সরকার চায়, তিনি আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরে আসুন।
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে না যে দেশে জঙ্গি তৎপরতা আছে।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
