
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলার ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩১ জুলাই ২০২৬ শুক্রবার রাত ৯টার দিকে বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় মায়ের অগোচরে সবার চোখ ফাঁকি দিয়ে শিশুটি চারতলার ছাদে চলে যায়। ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. জমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে সে ছাদে চলে যায়। পরে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ভবন থেকে পড়ে যাওয়া ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
