
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

শেখ হাসিনার আত্মীয় হিসেবে উল্লেখ করায় এক সাংবাদিককে ‘আরও প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। আরও জানান, তিনি সেখানে তথ্যমন্ত্রী হিসেবে বসেছেন, কারও আত্মীয় হিসেবে নয়।
আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে ওই সাংবাদিক বলেন, ‘পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি হাদির খুনিদেরও ফেরত দেয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’
জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারও আত্মীয় হিসেবে নয়। আশা করি আরও প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।’
এসময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘জবাব দেয়ার আগে আমি একটু যোগ করি, উনি (পার্থ) বহু বছর ধরে কার সঙ্গে ছিলেন? উনি কী করেছেন? এটা পরিষ্কারভাবে দেখা গেছে।’
পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন—এটি সরকার জানে। তাকে দেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘জানা মতে, ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে।’ রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেয়া হলে সেটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখবর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদের সবাইকে দেশে ফেরত চাই।’
