সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

পণ্য পরিবহন ও যাতায়াতে খরচ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পণ্য পরিবহন ও যাতায়াতে খরচ বাড়ছে

সপ্তাহ দুয়েক আগেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না। প্রয়োজন হলে দামের সমন্বয় করে আগামী মে মাস থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির চিন্তা করা হবে। কিন্তু গত শনিবার রাতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

গতকাল রোববার সকাল থেকেই পরিবহন খাতে তার প্রভাব দেখা যায়। সড়কে যান চলাচল কমে যায়। এমন পরিস্থিতিতে দূরপাল্লা এবং নগর পরিবহনের বাসের ভাড়া বাড়তে যাচ্ছে। আজ সোমবার এ-সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

তবে তেলের নতুন দাম ঘোষণার পর রাত থেকেই পণ্যবাহী যানবাহনের ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকরা। পাশাপাশি সরকারি সিদ্ধান্তের আগেই লঞ্চ, খেয়াসহ নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে।

বাসের ভাড়া বাড়ানোর লক্ষ্য নিয়ে গতকাল রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাস মালিকরা বৈঠক করেন। মালিকরা কিলোমিটারে প্রায় দেড় টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাব করলেও বিআরটিএ তাতে সায় দেয়নি। ফলে রাত সোয়া ১০টার দিকে সিদ্ধান্ত ছাড়াই ভাড়া নির্ধারণ কমিটির সভা শেষ হয়।

সভা সূত্র জানিয়েছে, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির কারণে বাসে ভাড়া কিলোমিটারে ২২ পয়সা বাড়তে পারে। এতে ঢাকায় বাসের ভাড়া ২ টাকা ৬৭ পয়সা এবং দূরপাল্লায় ৪০ আসনের বাসের ভাড়া ২ টাকা ৯৮ পয়সা হতে পারে।

তবে সরকারি সিদ্ধান্তের আগেই গতকাল কিছু বাসে বর্ধিত ভাড়া নেওয়া হয়। রাজধানীর ফার্মগেট থেকে যাত্রাবাড়ী হয়ে সাইনবোর্ডের দূরত্ব ১৪ দশমিক ৪ কিলোমিটার। কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা হিসাবে এ পথের ভাড়া ৩৬ টাকা। তবে এই রুটের লাব্বাইক পরিবহনে আগেই নেওয়া হতো ৪০-৪৫ টাকা। ডিজেলের দাম বৃদ্ধির পর গতকাল সেই ভাড়া আরও বাড়িয়ে নেওয়া হয় ৫০ টাকা।

নতুন ভাড়া নির্ধারণের আগেই দূরপাল্লার বাসেও ভাড়া বৃদ্ধির খবর মিলেছে। কুমিল্লা থেকে চলাচল করা বাসে ১০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

বাসের পাশাপাশি পণ্য পরিবহনেও খরচ বেড়েছে। ঠাকুরগাঁও থেকে কুমিল্লার নিমসার বাজার পর্যন্ত সবজির ট্রাকের ভাড়া ছিল ৩৩ হাজার। ডিজেলের দাম বৃদ্ধির পর নেওয়া হচ্ছে ৩৬ হাজার টাকা।

ভাড়া বাড়াতে দেন-দরবার

বাসের ভাড়া বাড়ানোর জন্য গতকাল বিআরটিএর ভাড়া নির্ধারণ কমিটিতে প্রস্তাব করে সড়ক পরিবহন মালিক সমিতি। সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে কমিটির বৈঠক শুরু হয়, চলে রাত সোয়া ১০টা পর্যন্ত।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে ১৬ এবং দূরপাল্লার বাসে খরচের ১২ ধরনের ব্যয় বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ হয়। মালিক সমিতির হিসাব অনুযায়ী, দূরপাল্লার বাসে গড়ে প্রতি কিলোমিটারে ৭৫ টাকা ৭৫ পয়সা পরিচালন ব্যয় হয়। এতে ডিজেল বাবদ ব্যয় ৩৭ টাকা ১০ পয়সা। অন্যান্য ব্যয় এবং বাসে গড়ে ৩৫ যাত্রী হিসাব করে প্রতি কিলোমিটারে পরিচালন খরচ ২ টাকা ৩৪ পয়সা।

মহানগরীর বাসে গড়ে ৪০ যাত্রী হিসাবে কিলোমিটারে মাথাপিছু পরিচালন ব্যয় ২ টাকা ৪৯ পয়সা। এর সঙ্গে ডিজেলের বর্ধিত দাম যোগ করে ভাড়া নির্ধারণ করতে হবে।

বৈঠক সূত্র জানিয়েছে, ভাড়া প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়াতে প্রাথমিকভাবে ঐকমত্য হলেও ব্যয় বিশ্লেষণের সুপারিশে সই করেননি কমিটির সদস্যরা। তাই ভাড়া কত পয়সা বাড়বে, তা চূড়ান্ত হয়নি।

বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেন, সোমবার সকালে সুপারিশ চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন করলে একই দিনে প্রজ্ঞাপন জারি হতে পারে।

আগে কীভাবে ভাড়া বেড়েছিল

দেশে এর আগে বড় পরিসরে পরিবহন ভাড়া বাড়ানো হয়েছিল ২০২২ সালের আগস্টে। তখন মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১৫ পয়সা থেকে ৩৫ পয়সা বাড়িয়ে করা হয় ২ টাকা ৫০ পয়সা। আর দূরপাল্লার ৫১ আসনের বাসের ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ২ টাকা ২০ পয়সা। ৪০ আসনের বাসের ভাড়া করা হয় কিলোমিটারে ২ টাকা ৮৬ পয়সা।

২০২২ সালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ৩৪ টাকা বৃদ্ধির ফলে বাস ভাড়া বেড়েছিল ৩৫ থেকে ৪০ পয়সা। পরে ডিজেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়। তখন বাসের ভাড়া কমে মাত্র ৫ থেকে ৮ পয়সা।

ওই সময় ডিজেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছিল ৩৪ টাকা, অকটেন ৪৬ টাকা এবং পেট্রোল ৪৪ টাকা। দাম বাড়ানো পরে ডিজেলের দাম হয়েছিল প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম হয় ১৩০ টাকা। পরে কয়েক দফায় কমে পেট্রোল ও অকটেনের দাম প্রায় দুই বছর ১১৬ এবং ১২০ টাকায় স্থিতিশীল ছিল।

প্রসঙ্গত, মোটরসাইকেল, প্রাইভেটকারের মতো যানবাহন চলে অকটেন ও পেট্রোলে। বাস, ট্রাক, কাভার্ডভ্যান, লঞ্চ, ট্রেন, ইঞ্জিনচালিত নৌকার মতো বাণিজ্যিক যানবাহন চলে ডিজেলে। রেল ছাড়াও যাত্রীবাহী বাস ও লঞ্চের ভাড়া সরকার নির্ধারণ করে। বাকি যানবাহন চলে চুক্তিতে। পরিবহন খাতে ব্যবহৃত জ্বালানির ৯০ শতাংশই ডিজেল।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সমকালকে বলেছেন, দুই দফায় ডিজেলের দাম ১৪ টাকা কমার পর বাস ভাড়া মাত্র ৫ পয়সা কমানো হয়েছিল। এবার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি এবং অন্যান্য খাতে ব্যয় বৃদ্ধির পরও এ হিসাবে ভাড়া ১৫ পয়সার বেশি বাড়ানো উচিত নয়।

তবে মালিকরা বলছেন, ২০২২ সালের পর বাস ভাড়া বাড়ানো হয়নি। বরং দুই দফায় কমানো হয়েছে। এই সময়ে বাসের দাম, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, শ্রমিকের মজুরি, সরকারি করসহ সব ব্যয় বেড়েছে। শুধু ডিজেলের বর্ধিত দাম নয়, ভাড়ার সঙ্গে এগুলোও সমন্বয়ের কথা বলেছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।

৪২ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব লঞ্চ মালিকদের

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। যাত্রীদের ভাড়া ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি। গতকাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে প্রস্তাবটি দেওয়া হয়েছে।

লঞ্চ মালিকদের প্রস্তাব অনুযায়ী, যাত্রী ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারে এক টাকা বাড়িয়ে তিন টাকা ৭৭ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বেশি।

আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে বর্তমান এক টাকা বাড়িয়ে তিন টাকা ৩৮ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বেশি। এ ছাড়া সর্বনিম্ন যাত্রী ভাড়া ২৯ টাকার পরিবর্তে ৩৫ টাকা নির্ধারণের অনুরোধ করা হয়েছে।

সংগঠনটির মহাসচিব সিদ্দিকুর রহমান সমকালকে বলেন, লঞ্চ মালিকদের ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিষয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। বিআইডব্লিউটিএর পরিচালক সাইফুল ইসলাম বলেন, ভাড়া বাড়া বা কমানোর বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

পরিবহন ব্যয় বেড়েছে সর্বত্র

বরিশাল ব্যুরো জানিয়েছে, ডিজেলের মূল্য বৃদ্ধিতে জেলার বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মধ্যবর্তী মীরগঞ্জ খেয়াঘাটে জেলা পরিষদের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। খেয়ার ইজারাদার আজিজুল হক জানান, জেলা পরিষদ নির্ধারিত যাত্রীভাড়া ১০ ও মোটরসাইকেলসহ ১৫ টাকা। তারা গতকাল পর্যন্ত যাত্রীর জন্য ১৫ টাকা ও মোটরসাইকেলসহ ৩০ টাকা করে নিয়েছেন। জ্বালানির দাম বৃদ্ধির পর যাত্রী ভাড়া ২০ টাকা করার জন্য জেলা পরিষদে আবেদন করেছেন।

বরিশাল ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী ফারুক হোসেন জানান, তরমুজের মৌসুম হওয়ায় বরিশাল-ঢাকা রুটে ট্রাক ভাড়া ২৫ হাজার টাকা। ডিজেলের দাম বৃদ্ধিতে ৫ থেকে ৭ হাজার টাকা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

বগুড়া ব্যুরো জানিয়েছে, জেলার দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনে ভাড়া বেড়েছে। বেড়েছে রড, সিমেন্ট ও ঢেউটিনের দামও। রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ সমকালকে বলেন, হিলি হয়ে মালপত্র আনতে আগে টনপ্রতি ট্রাক ভাড়া ছিল ৭০০ টাকা। রোববার থেকে তা হয়েছে ৯০০ টাকা। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যে।

শহরের বড়গোলা এলাকার ঢেউটিন ব্যবসায়ী বিমল কুমার বলেন ট্রাক ভাড়া বৃদ্ধিতে ঢেউটিনে প্রতি বানে ৫০০ টাকা ও রডের দাম তিন হাজার টাকা বেড়েছে।

কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, বাসে যাত্রী পরিবহনে জনপ্রতি ১০ থেকে ২০ টাকা বাড়তি ভাড়া নেওয়া হয়েছে। তবে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম সমকালকে বলেন, সরকারি ঘোষণার আগে কেউ ভাড়া বেশি নেওয়ার বিষয়টি বিধিসম্মত হয়নি।

দোহার (ঢাকা) প্রতিনিধি জানিয়েছেন, ঢাকার যাত্রীবাহী বাসে ভাড়া ২০ টাকা বেড়েছে। খুলনা ব্যুরো জানিয়েছে, এলপিজির দাম বৃদ্ধিতে ঢাকা-খুলনা রুটে ভাড়া ১০-১৫ টাকা করে বাড়ানো হয়েছে।

সিলেট ব্যুরো জানিয়েছে, বাসে ৫ থেকে ১০ টাকা ভাড়া বেড়েছে। দূরপাল্লার বাসের একাংশ চলছে না ডিজেল সংকটে। বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দূরপাল্লাসহ সিলেটে প্রায় ৪০০ বাস চলাচল করে। জ্বালানি সংকটে ১৫ শতাংশ বাস বন্ধ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়