নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে
২০২৪ সালের ৫ আগস্টের পর জামিন দেয়ার ঘটনা আদালতের বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর অনেকে জামিন পেয়েছেন, এটি আদালতের বিষয়; শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।
অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি এবং তাদের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে খুনোখুনির ঘটনা ঘটছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী হত্যার কারণ আইন অনুযায়ী তদন্ত করা হবে। আর শীর্ষ সন্ত্রাসী যারা ছাড়া পেয়েছেন, তাদের বিরুদ্ধে আইনিভাবে অভিযোগ না থাকলে আটক করা যায় না।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আইনি বিষয়গুলো সেভাবে দেখার সুযোগ না পাওয়ায় জনগণের প্রত্যাশা পূরন হয়নি। তবে জনগণের ম্যানডেট নিয়ে আসা সরকার এসব বিষয়ে কাজ করছে।
সভায় রোহিঙ্গা ক্যাম্পে ব্যবস্থাপনার আলোকে ভেতরে বাইরে অপরাধগুলো যৌথ মনিটরিং কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করা হবে।