
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। আজ ৩০ জুলাই ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে উপজেলার চৌমুহনী ও পাঁচ মাইল বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর আচমকা তাদের গাড়িবহরে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।
হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুর গাড়ির কাচ ভেঙে যায়। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি এবং একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
এনসিপির গাড়িবহরে হামলার বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল মারছে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙেছে। গাড়ি বহরে হামলা— বিষয়টা এ রকম না।
তিনি আরও বলেন, কেউ আহত হয়েছে বলে আমার কাছে এ রকম কোনো তথ্য নেই।
