
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামে একটি বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, গৃহবধূ মনিরা বেগম (৫২), তার ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৮৫)। রাশিদা বেগম কয়েকদিন আগে বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রাম থেকে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়রা জানান, বাইরে থেকে দুর্গন্ধ পেয়ে ঘরের ভেতরে অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে ধারণা করা হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
