
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বহির্বিভাগের (ওপিডি) রোগীদের ভোগান্তি কমাতে আনুষ্ঠানিকভাবে ই-টিকিটিং ও অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার যৌথভাবে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের বিশেষ উদ্যোগে এই জনবান্ধব ব্যবস্থাটি বাস্তবায়িত হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ই-টিকিটিং সিস্টেমে একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। পরবর্তী প্রতিটি চিকিৎসা গ্রহণের সময় নতুন করে তথ্য প্রদান করতে হবে না। এ ছাড়া রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসা প্রদানকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করতে সহায়তা করবে।
এর আগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্বিভাগে চিকিৎসাসেবা গ্রহণের জন্য রোগীদের খুব ভোরে দীর্ঘ সময় অপেক্ষা করে টিকিট সংগ্রহ করতে হতো। রোগীদের এই ভোগান্তি কমানো, অপেক্ষার সময় হ্রাস এবং সেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে।
রোগীরা সরাসরি নির্ধারিত অনলাইন পোর্টাল ব্যবহার করে তাঁদের অ্যাপয়েন্টমেন্ট ও টিকিট বুক করতে পারবেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে এই আধুনিক ও জনবান্ধব সেবাটি বাস্তবায়ন করা হয়েছে। আজ থেকে ই-টিকিটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
