
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রংমালা রানী উপজেলার সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংমালা রানী হাঁটতে বের হন।
এসময় বাসাইল থেকে নলুয়ার দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
ধাক্কায় তার শরীরে কাপড় মোটরসাইকেলের সঙ্গে আটকে যাওয়ার পর চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
পরে গুরুতর আহত অবস্থায় রংমালাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।’
