
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট কাপড়ের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার বিলাসনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
গোডাউনের মালিক ইমরান হোসেন, জহির ও সোহেলসহ শ্রমিকেরা জানান, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
গোডাউন মালিকদের ভাষ্য অনুযায়ী, প্রতিটি গোডাউনে প্রায় পাঁচ থেকে ২০ লাখ টাকার ঝুট কাপড় মজুত ছিল। আগুনে ৩০টি গোডাউনের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের দাবি, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হতে পারে।
মালিকদের অনেকেই ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এসব গোডাউনের ব্যবসা পরিচালনা করতেন। অগ্নিকাণ্ডে তাঁদের ব্যবসা ও আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবুমার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
