
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

২৯ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড। শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ বছর ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে, বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হতে আরও সময় লাগে।
উল্লেখ্য, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
