
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশে গত একদিনে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চার শিশু।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছোঁয়াচে এ রোগে আক্রান্ত হয়ে এবং লক্ষণ নিয়ে এই পাঁচ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে নতুন করে ১২৫ জনের হাম শনাক্ত হয়েছে।
হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, ২৫ জন।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৯৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯০ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৬৬ জন রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে ৮৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ৩৫৫ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম সাতজন ভর্তি হয়েছে রংপুরে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৪। এদের মধ্যে ৪ হাজার ৫৯ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে ২০ এপ্রিল থেকে সারাদেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের আট বিভাগে এ পর্যন্ত ৫১ লাখ ৮৪ হাজার ৭৫৩ জন শিশু টিকা পেয়েছে। এ ছাড়া ১২টি সিটি করপোরেশনে টিকা পেয়েছে ৯ লাখ ৭৪ হাজার ২৪৭ জন শিশু।
