
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ জুন ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হলো গতকাল রোববার। আজ সোমবার সকাল থেকে খুলেছে সরকারি অফিস-আদালত।
একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানও খুলছে। খুলেছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান। তাই ছুটি শেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে কর্মস্থলে ফিরছেন মানুষ।
পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ছিল। ছুটি শেষে আজ থেকে আবারও কর্মচঞ্চল হবে অফিস-আদালত।
যদিও নির্ধারিত ছুটির বাইরেও অনেকেই আরও একাধিক দিন অতিরিক্ত ছুটি নেন। ফলে অফিস খুললেও প্রথম দু-এক দিন ছুটির আমেজই থাকে। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহজুড়ে একধরনের ছুটির আমেজ থাকবে।
সব মিলিয়ে আগামী সপ্তাহের রোববার থেকে পুরোদমে প্রাণ ফিরবে অফিস-আদালতে। এদিকে পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষ করে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে লোকজন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এ কারণে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় মানুষ ও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। গতকাল দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের চাপ দেখা গেছে।
