
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে সাতটার দিকে মরদেহগুলো নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এর আগে ভোর থেকেই নিহতদের স্বজনরা ওসমানী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সময় তাদের হাতে টাকার চেকও তুলে দেওয়া হয়। এ সময় সিলেট-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো কানাইঘাটের গাছবাড়িতে তাদের গ্রামের বাড়িতে পাঠানো হয়।
নিহতদের স্বজনরা জানান, স্থানীয় একটি মাদরাসার সামনে নিহত পাঁচজনের এক সঙ্গে জানাজা হবে। এরপর দুপুরে যার যার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিহতরা হলেন- ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।
গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
