
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

কক্সবাজারের টেকনাফে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা বিওপির সুইচ গেইট সংলগ্ন এলাকায় ৬৪ বিজিবির বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়। চোরাকারবারিরা দিনের বেলায় জেলের ছদ্মবেশে নৌকাযোগে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটকদের নৌকায় তল্লাশি চালিয়ে প্রথমে কোনো মাদক পাওয়া যায়নি। পরে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পায় বিজিবি। সেগুলো উদ্ধার করে তল্লাশি চালালে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪০ কার্টনে ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রযুক্তি ও জনবল বৃদ্ধির মাধ্যমে সীমান্তে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন এলাকায় মোট ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা ও ২৪৩ জন আসামি আটক করা হয়েছে।
