বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

শুক্রবার পর্যন্ত সারা দেশের আবহাওয়া যেমন থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুক্রবার পর্যন্ত সারা দেশের আবহাওয়া যেমন থাকতে পারে

সারা দেশে আগামী পাঁচ দিন কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানীসহ দেশের আট বিভাগেই বিদ্যুৎ চমকানোসহ কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৮ এপ্রিল) কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাত নিয়ে পৃথক দুটি সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, একই সঙ্গে আগামী চার দিন দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে; ফলে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এ সময়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতে বা বাড়তে পারে।

বিশেষ করে ১ মে পর্যন্ত বৃষ্টির তীব্রতা বেশি থাকলেও পরবর্তী সময় থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার মধ্যে দেশের সব বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমির বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এ প্রবণতা চলতে পারে। এ সময়ের মধ্যে তাপপ্রবাহ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।’

কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। সর্বশেষ প্রাপ্ত রেকর্ড অনুযায়ী দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৮ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দেশের আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
sharethis sharing button

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়