নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে
নড়াইলে আরবি পড়তে আসা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক মসজিদের ইমামকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু।
গ্রেপ্তার আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) সদর উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।
মামলার বিবরণ ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আমিনুল ইসলাম রাতে মসজিদেই থাকতেন তিনি। প্রতিদিন ভোরে ফজরের নামাজের পরে এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় মক্তবে আরবি পড়াতেন তিনি। তাদের মধ্যে বাদির মেয়ে ও স্থানীয় আরো দুই মেয়েশিশু ছিল।
এর মধ্যে গত ৫ মে বাদির শিশুকন্যাকে চকলেট খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নেন তিনি। এ সময় শিশুটি শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন তিনি। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানায় শিশুরা।
এঘটনায় স্থানীয়রা একত্রিত হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।
ওসি অজয় কুমার কুন্ডু বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে তিনি পড়ানো শেষে শিশুদের তিনি যৌন হয়রানি করেন বলে স্বীকার করেছেন। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।