
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ জুন ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাওয়ার আগে স্কটল্যান্ড ফুটবল দল ‘ইতিহাসের দোরগোড়ায়’ দাঁড়িয়ে আছে বলে মনে করছেন দেশটির সমর্থকরা।
পুরুষ ফুটবল দলের নকআউট পর্ব বা পরবর্তী রাউন্ডে যাওয়া নিশ্চিত করার এই বাঁচা-মরার লড়াই দেখতে হাজার হাজার স্কটিশ সমর্থক-যারা ‘টার্টান আর্মি’ নামে পরিচিত-ইতিমধ্যেই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের মায়ামিতে। আর দেশের মাটিতে থাকা কোটি সমর্থক চোখ রাখবেন টেলিভিশনের পর্দায়।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে আজ যদি স্কটল্যান্ড জয় বা অন্তত একটি ড্র-ও তুলে নিতে পারে, তবে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেবে তারা।
স্কটল্যান্ডের লারবার্ট সমর্থক স্টিভি পার্কার বলেন, ‘আমার বিশ্বাস এবার ওরা পারবে। মনে হচ্ছে আমরা একদম ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। অনেক লম্বা আর ক্লান্তিকর এক সফরের পর টারটান আর্মির জন্য এটি হবে একটি ঐতিহাসিক দিন এবং এক চমৎকার সমাপ্তি।’
গত কয়েকদিন ধরে সমর্থকরা উৎসবের আমেজে থাকলেও, ম্যাচ যত ঘনিয়ে আসছে অনেকেই এখন হিসেব-নিকেশ মেলাতে ব্যস্ত। ইনভারনেস থেকে আসা ব্রায়ান গাথরি বলেন, ‘আমি প্রতিদিন স্প্রেডশিট নিয়ে হিসেব কষছি। এখনই আগাম কিছু বলতে চাই না, তবে মনে হচ্ছে আমরা ভালোভাবেই পরের রাউন্ডে যাব।’
ইউয়েন আবেগপ্লুত হয়ে বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা একটি দিন হতে পারে। আমি আর তর সইছে না। আজ আমার জন্মদিন। ১৬ বছর বয়সে মরক্কোর কাছে দলের হার দেখেছিলাম। বিশ্বকাপে স্কটল্যান্ডের একটি জয় দেখা আমার আজীবনের স্বপ্ন, যা আজ সত্যি হতে পারে।’
খেলাটি ঘিরে স্কটল্যান্ড জুড়ে উন্মাদনা তুঙ্গে। গ্লাসগোর ওভো হাইড্রো-র মতো বড় বড় কনসার্ট ভেন্যুর পাশাপাশি স্থানীয় টেনিস ও রাগবি ক্লাবগুলোতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। প্রায় সব অঞ্চলের স্থানীয় কাউন্সিলগুলো বার ও পাবগুলোর জন্য লাইসেন্সের সময়সীমা বাড়িয়েছে, যাতে সাধারণ সময় পেরিয়ে গেলেও সমর্থকরা সেখানে বসে খেলা উপভোগ করতে পারেন।
