
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রাম জলাবদ্ধতার কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে দুপুর ১২টায় পৌঁছে। সেখান থেকে ২০ মিনিট যাত্রাবিরতি শেষে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, ‘রবিবার দুপুর ১২টায় পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ষোলশহর স্টেশন পরিদর্শন করেন।’
এর আগে ৭ জুলাই টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন ও জানালি হাটের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে। পরে রাতে যাত্রা বাতিল করা হয় ট্রেনের। প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে আসা ট্রেনটি যেতে পারেনি গন্তব্যে। পরে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়।
