
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক মানের ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ নিরাপত্তা নিশ্চিত করা, এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘জাতীয় কমিটি’ গঠন করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে। কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সদস্যসচিব হিসেবে দায়িত্বে থাকবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা)।
দেশের প্রধান প্রধান গোয়েন্দা সংস্থা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে এই শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত বা পুনর্গঠিত এই কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন এবং প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ করবে কমিটি। পাশাপাশি নতুন বিমানবন্দর নির্মাণে নিরাপত্তা অবকাঠামো নিশ্চিত করা, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুসরণ, বিমানবন্দরে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সংযোজন এবং বিদ্যমান নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার দায়িত্বও পালন করবে এই কমিটি।
কমিটির কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্তি এবং উপকমিটি গঠনের সুযোগ রাখা হয়েছে। বছরে অন্তত দুইবার কমিটির সভা আহ্বান করবেন সভাপতি।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা জরুরি। সে লক্ষ্যেই জাতীয় পর্যায়ে সমন্বিত এই কমিটি পুনর্গঠন করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন সংস্থার মধ্যে দ্রুত সমন্বয়, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে আরও নিরাপদ ও আন্তর্জাতিকভাবে আস্থাভাজন করে তোলাই সরকারের লক্ষ্য।
