
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রাম বন্দরে আমদানিকারক প্রতিষ্ঠান ‘গোল্ড স্টার গার্মেন্টসের’ প্রায় তিন কোটি টাকা মূল্যের ৬৬৮ বেল ফেব্রিক্স ভর্তি ৪০ ফুট লম্বা কন্টেইনারের খোজ পাওয়া যাচ্ছে না। নির্ধারিত সময়ে প্রতিষ্ঠনের কাঁচামালের চালানটি খালাস করতে না পারায়,মালিক পক্ষ দুশ্চিন্তায় পড়েছেন।
জানা গেছে, এমআরএসইউ-৮৬৯২৮২৭ নম্বরের কন্টেইনারটি ‘এমভি এমসিসি ডানাং’ জাহাজ থেকে গত ১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ বার্থে নামানো হয়। পরে সাভারের গোল্ড স্টার গার্মেন্টেস নামের আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এসআরএস সিন্ডিকেট গত ২২ আগস্ট কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সার্ভারে বিল অব এন্ট্রি দাখিল করে।
কাস্টমস ও বন্দরের সব ধরনের রাজস্ব ও চার্জ পরিশোধের পর গত ৩০ আগস্ট কন্টেইনারটি খালাসের জন্য বন্দরের সিসিটি ইয়ার্ডে গেলে সেটি ডেলিভারি দিতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। তারা সিঅ্যান্ডএফ এজেন্টকে কন্টেইনারটি খুঁজতে বলে। সিঅ্যান্ডএফ এজেন্ট ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত খুঁজেও কন্টেইনারটি পায়নি। বিষয়টি টার্মিনাল ম্যানেজার, এটিও, টিওকে জানায় তারা।
এরপর গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন, এসআরএস সিন্ডিকেটের মালিক মো. হাফিজুর রহমান, চিঠিতে উল্লেখ করেন কাস্টমস ও বন্দরের যাবতীয় চার্জ পরিশোধ করে কন্টেইনারটি ডেলিভারি নিতে গিয়ে পাওয়া যায়নি। কন্টেইনারে থাকা কাপড়ের রোলগুলো শতভাগ রপ্তানিমুখি পোশাক তৈরির জন্য আনা হয়েছে। এতে প্রায় তিন কোটি টাকার কাপড় রয়েছে। নির্ধারিত সময়ে কাঁচামাল না পাওয়ায় সাভারের গোল্ড স্টার গার্মেন্টস বিপাকে পড়েছে। সময়মতো উৎপাদন শেষ করে রপ্তানি পণ্য বিদেশি ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব না হলে প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, কন্টেইনার নিখোঁজ একটি চিঠি আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।
