
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
স্টেশন মাস্টার আরও জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। দীর্ঘদিন ধরে তাকে বারোবাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ হস্তান্তরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘দুর্ঘটনার খবরটি পেয়েছি। যশোর রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।’
