
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে শসার বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪২) নামের এক ব্যাটারি চালিত রিকশাচালককে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারের পূর্ব পাশে রাসেল কম্পিউটার দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জসিম উদ্দিন কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার আবদু জব্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জসিম উদ্দিনকে আটক করে তার অটোরিকশায় তল্লাশি চালিয়ে শসার বস্তা থেকে আনুমানিক ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মো. মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় তার অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ, পরিবহন ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান জোরদার করার ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
