
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। ফাইনালের পথে এক পয়েন্টের লিড নিয়ে এগিয়ে স্বাগতিকরা। অন্যদিকে, এই গ্রুপে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে না ভেবে নিজেদের উন্নতির জায়গাগুলোতেই মনোযোগ জামাল ভূঁইয়াদের। গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায়।
ইন্দোনেশিয়ার বিপক্ষে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। কোচের সঙ্গে কৌশল নিয়ে হয়েছে একাধিক আলোচনা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, সেটিই এখন মূল ভাবনা।
ব্যক্তিগত প্রতিভা কিংবা দলীয় শক্তি দুই জায়গাতেই ইন্দোনেশিয়া এগিয়ে। তাই বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। নিজেদের ভুল-ত্রুটি শুধরে উন্নতির দিকেই নজর টিম বাংলাদেশের।
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা ওদের সেট পিসেস দেখছি। তারপরে আমরা ওই দুইটা স্ট্রাইকারও দেখলাম, ওরা খুব ভালো স্ট্রাইকার। বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম এইটা নিয়ে আমরা আলাপ করি। ওদের স্ট্রেন্থ কোন জায়গায় আর উইকনেস কোন জায়গায়। বাট কালকে আরও কেয়ারফুল থাকতে হবে। যে এখানে আমরা ইমপ্রুভ করতে হবে ওইখানে আমরা ফোকাস করবো।’
চার পয়েন্ট নিয়ে গ্রুপে ভালো অবস্থানে ইন্দোনেশিয়া। সিঙ্গাপুরকে হারানোর পর মালয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। মূল ফাইনালে যেতে হলে এই ম্যাচে তিন পয়েন্ট স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ। বিপরীতে বাংলাদেশ এখনো কোনো গোল করতে পারেনি, দুই ম্যাচে হজম করেছে চার গোল।
বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি বলেন, ‘আমরা শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলব। ইন্দোনেশিয়ার সঙ্গে খেলাটাই আমাদের জন্য চাপের। তবে আমরা লড়াই করব। সবাইকে নিজেদের সেরাটা দিতে হবে এবং সামনে থেকে লড়াই করতে হবে। এ টুর্নামেন্ট থেকে আমরা যতটা সম্ভব শিখতে চাই। ইন্দোনেশিয়া শক্তিশালী দল, তবে আমরা ভালো খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
চাপ আছে, প্রতিপক্ষও শক্তিশালী। তবু লড়াই করে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে তাই জামাল ভূঁইয়াদের লক্ষ্য শুধু প্রতিপক্ষকে ঠেকানো নয়, নিজেদের উন্নতির ছাপ রাখা ভক্তদের ভালো কিছু উপহার দেওয়া।
