
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে

সৌদি আরবের ‘কিং খালিদ আন্তর্জাতিক’ বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় চরম অনিশ্চয়তায় বাংলাদেশ থেকে রিয়াদগামী যাত্রীরা। এ পরিস্থিতির কারণে ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের নয়টি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গতরাত ৯টা থেকে এখন পর্যন্ত বাতিলের এই সিদ্ধান্ত বহাল রয়েছে। কবে নাগাদ ফ্লাইটগুলো রি-শিডিউল হতে পারে, সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এছাড়াও কিং খালিদের পরিবর্তে বিকল্প কোনো এয়ারপোর্টে বিমান নামবে কিনা, সেই সিদ্ধান্তও আসেনি। তাই রাতে বিমানবন্দরে প্রবেশ করা রিয়াদগামী অনেক যাত্রীই নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। অনেকের হতাশা প্রকাশ করেছেন।
এমনকি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ার অভিযোগও তুলছেন কেউ কেউ। এদিকে, কাতার ও কুয়েত এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটগুলোও বাতিল হয়েছে।
প্রসঙ্গত, সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহতের সংখ্যা ৩০৯।
