বুধবার ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিসেম্বরকে ঘিরে হিলি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎসের সন্ধানে বাংলাদেশ ব্যাংক মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী রাজধানী ও আশপাশের এলাকায় শীতের আমেজ, তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমলো সোনার দাম কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর সিলেটের অভিজাত হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি ছেলে-ভাইসহ আটক ৪ রাজধানীতে বাসের ধাক্কায় অটোচালক নিহত সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্রতি আহ্বান: শামা ওবায়েদ
Advertise with us

বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎসের সন্ধানে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎসের সন্ধানে বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানো এবং রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন নতুন উৎস অনুসন্ধান করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রবাসীদের আয় ও রপ্তানি আয় দেশে আনার প্রক্রিয়া সহজ করা, ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং বৈদেশিক মুদ্রার লেনদেন ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রবাসী বাংলাদেশি, রপ্তানিকারক, ফ্রিল্যান্সার ও অন্যান্য সেবা খাতের পেশাজীবীদের আয় দেশে আনার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আমদানি ব্যয় ও অন্যান্য বৈদেশিক পরিশোধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রার নতুন উৎস তৈরি, ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ বাড়ানো এবং রিজার্ভের ওপর অপ্রয়োজনীয় চাপ কমানো।

এসব উদ্যোগ গ্রহণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গতকাল মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানো এবং দেশের রিজার্ভ পরিস্থিতি শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা রপ্তানি খাতের আয় আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে আসাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।’

এ লক্ষ্যে গত জুলাইয়ে তথ্যপ্রযুক্তি (আইসিটি), বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং অন্যান্য অনলাইন পেশাগত সেবায় যুক্ত ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল সেবার বিপরীতে অর্থ গ্রহণ করে সংশ্লিষ্ট সেবাদাতাদের হিসাবে সমপরিমাণ স্থানীয় মুদ্রা জমা দিতে পারবে। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে রপ্তানিকারকদের রিটেনশন কোটা (ইআরকিউ) সুবিধার আওতায় আয়ের একটি অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সুযোগও রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকেরা তাদের বিদেশি আয় আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনতে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এতে ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়বে।

রপ্তানিকারকদের জন্যও বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ আরও কার্যকর করতে ইআরকিউ সুবিধা সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় রপ্তানিকারকেরা তাদের রপ্তানি আয়ের নির্ধারিত অংশ বৈদেশিক মুদ্রার হিসাবে রাখতে পারেন। এর ফলে অনুমোদিত বৈদেশিক ব্যয় মেটাতে তাদের স্থানীয় বাজার থেকে নতুন করে ডলার কেনার প্রয়োজন কমে আসবে।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে বৈদেশিক মুদ্রায় সঞ্চয় গড়ে তুলতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের (আইএমটিও) মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স সরাসরি ব্যক্তিগত বৈদেশিক মুদ্রা (পিএফসি) এবং অনিবাসী বৈদেশিক মুদ্রা আমানত (এনএফসিডি) হিসাবে জমা দেওয়ার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

এ সিদ্ধান্তের ফলে প্রবাসীদের বৈধ পথে পাঠানো অর্থ দেশে বৈদেশিক মুদ্রায় সঞ্চয় হিসেবে রাখার সুযোগ বেড়েছে। এতে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো আরও সহজ হবে এবং প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ দেশের ব্যাংকিং ব্যবস্থায় রাখতে উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

তবে পিএফসি, এনএফসিডি কিংবা রপ্তানিকারকদের রিটেনশন হিসাবে রাখা বৈদেশিক মুদ্রা সরাসরি বাংলাদেশ ব্যাংকের সরকারি রিজার্ভের অংশ হয় না। এসব হিসাব ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা বাড়াতে এবং আনুষ্ঠানিক প্রবাহকে শক্তিশালী করতে সহায়তা করে। তবে প্রকৃত রিজার্ভ বৃদ্ধি নির্ভর করে দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন এবং কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার ওপর।

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে পরিচালিত রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতেও কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

এ লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাবে থাকা দায়মুক্ত অর্থের বিপরীতে বৈদেশিক মুদ্রা ও টাকার মধ্যে সোয়াপ সুবিধা চালু করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট রপ্তানিকারকেরা তাদের বৈদেশিক মুদ্রা তাৎক্ষণিকভাবে ভাঙানো ছাড়াই স্থানীয় মুদ্রায় অর্থ পাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করা এবং বৈদেশিক মুদ্রাবাজারের কার্যকারিতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব উদ্যোগের ফলে বাজারে তারল্য ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

শুধু বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোই নয়, দেশের রিজার্ভ সুরক্ষায় বৈদেশিক মুদ্রার বহির্গমন ব্যবস্থাপনাতেও নজরদারি জোরদার করা হয়েছে।

গত আগস্টে আমদানি লেনদেনসংক্রান্ত বৈদেশিক মুদ্রা বিধিবিধানের বিষয়ে একটি সমন্বিত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে আমদানি লেনদেনের তথ্য অনলাইন ইমপোর্ট মনিটরিং সিস্টেমে (ওআইএমএস) জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, সরকারি আমদানি ছাড়া ৩ মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি মূল্যের আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার অন্তত ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট লেনদেনের তথ্য জমা দিতে হবে।

এ ব্যবস্থার মাধ্যমে আমদানি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি অনিয়ম এবং অপ্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

একই সঙ্গে রেমিট্যান্স, রপ্তানি আয়, আমদানি ব্যয়সহ বৈদেশিক মুদ্রার বিভিন্ন লেনদেন পর্যবেক্ষণে ডিজিটাল নজরদারি ব্যবস্থা ব্যবহার করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে রপ্তানি আয় দেশে আসতে বিলম্ব হচ্ছে কি না, বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে কি না এবং নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় প্রত্যাবাসিত হচ্ছে কি না, তা সহজে শনাক্ত করা সম্ভব হবে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান উৎস হচ্ছে প্রবাসী আয়, রপ্তানি আয় এবং অন্যান্য বৈদেশিক প্রাপ্তি। এসব উৎস থেকে ধারাবাহিকভাবে আয় বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় ও বৈদেশিক দায় পরিশোধে সতর্ক ব্যবস্থাপনা রিজার্ভের শক্তিশালী অবস্থান ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ।

এ কারণে বৈদেশিক মুদ্রার উৎস বহুমুখীকরণ, আনুষ্ঠানিক পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, সেবা রপ্তানিতে সহায়তা এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে নজরদারি জোরদারের মাধ্যমে রিজার্ভ বৃদ্ধির একটি টেকসই ভিত্তি গড়ে তুলতে চায় বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতিবিদ ও ব্যাংক খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, বৈদেশিক মুদ্রার প্রবাহ টেকসই করতে প্রতিযোগিতামূলক বিনিময় হার বজায় রাখা, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে ডলারের দামের ব্যবধান কমানো এবং প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ করা জরুরি। একই সঙ্গে রপ্তানি আয় যথাসময়ে দেশে আনার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, মধ্য ও দীর্ঘ মেয়াদে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন ভিত্তি তৈরি করতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ, রপ্তানি পণ্য ও বাজারের বহুমুখীকরণ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

তিনি মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস আরও বিস্তৃত হবে এবং রিজার্ভের ভিত্তিও টেকসইভাবে শক্তিশালী করা সম্ভব হবে।—বাসস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়