শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

জ্বালানি নিরাপত্তায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি নিরাপত্তায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

জ্বালানি খাতের অনিয়ম, অব্যবস্থাপনা ও বাজারে সিন্ডিকেটের প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকারকর্মীরা। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, মূল্য নির্ধারণে স্বচ্ছতা এবং এ খাতে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

যুব ক্যাব চবি শাখার সভাপতি রোজাইন আল রাফির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হাসান। মূল আলোচক ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ ও ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান।

অধ্যাপক এম শামসুল আলম বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ খাতে সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের আরও বেশি এগিয়ে আসতে হবে।

এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। বর্তমান সরকার জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে। এ উদ্যোগের সঠিক বাস্তবায়নে প্রশাসনকে আরও জনবান্ধব করার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর মো. কামরুল হাসান ক্যাম্পাসে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় যুব ক্যাবের কার্যক্রমের প্রশংসা করেন। এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে তিনি ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

কর্মশালায় জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের উত্থাপিত ১৩ দফা দাবি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাব যুব সংসদের সদস্য নাজিফা তাজনুর। তিনি বলেন, নতুন ব্যয় না বাড়িয়ে বিদ্যমান ব্যয়ের অপচয় ও লুণ্ঠন রোধ এবং সরকারের প্রতিটি পর্যায়ে ব্যয় সংকোচনই সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর পথ।

দিনব্যাপী এ কর্মশালায় জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব এবং খাতটির অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে তরুণদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

যুব ক্যাব চবি শাখার সদস্য জয়ন্তী শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল। কর্মশালায় সহায়ক হিসেবে ছিলেন ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া, প্রকল্প ব্যবস্থাপক মারুফা কলি, প্রকল্প কর্মকর্তা সায়েদুল আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা তাজনুর এবং চবি শিক্ষার্থী উম্মে ফাতিমা সামিয়া ও তাজ উদ্দিন।

কর্মশালার অংশ হিসেবে ক্যাবের প্রকল্প কর্মকর্তা সায়েদুল আবরারের পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়