
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা পুনরায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে হাজার হাজার শ্রমিক পুনরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। থেমে থেমে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা কর্মস্থলে কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাঁদের সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। সকাল ১০টার দিকে শ্রমিকেরা পুনরায় মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
