
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রাম থেকে ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলি নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গিয়ে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে চট্টগ্রামের কর্ণফুলি নদীর আকমল আলী ঘাটের কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহদুটি চট্টগ্রাম মেডিকেলের মর্গে নিয়ে যায়।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলি নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন অন্য দুই জেলে।
নিহত দুই জেলে হলেন- নোয়াখালী হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তপার ছেলে মিরাজ উদ্দিন (৩২) ও একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।
বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিন জানান, চারদিন আগে তারা মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কিনতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান। ট্রলারটি কেনার পর রোববার রাতে তাঁরা সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হন। ফেরার পথে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলি নদীতে পৌঁছালে তাঁদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীর স্রোতে বোটটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এসময় পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তাদের ট্রলারটি নদীতে ডুবে যায়। তিনি জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের লোকজন তাকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা অপর দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজদের সন্ধানে চট্টগ্রাম যাওয়া শরিফ উদ্দিনের চাচা চেম্পার উদ্দিন জানান, সকালে তারা মরদেহদুটি উদ্ধারের সংবাদ পায়। পরে খোঁজ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে গিয়ে মরদেহ শনাক্ত করে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানান তিনি।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলম বলেন বলেন, সকালে স্থানীয়দের সহযোগিতায় কর্ণফুলি নদী থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিয়মানুযায়ী মরদেহদুটি চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে।
