
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি ভারী বাক্স নামানোর সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকরা কনটেইনার থেকে ৪১টি কাচের প্যানেলযুক্ত একটি বাক্স নামাচ্ছিলেন। প্রতিটি কাচের প্যানেলের আকার ছিল ছয় ফুট বাই আট ফুট।
এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। এতে বাক্স ও কাচের প্যানেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।
খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তারা তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান।
সূত্র: ল্য ডেফি মিডিয়া
