
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে। এতে ওই বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এছাড়া আগুন দেওয়ার জন্য পাশের আরেকটি বগিতেও ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো হয়।
বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা হয়।
এ ঘটনায় ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা দেরিতে আখাউড়া ছেড়ে গেছে। ঘটনার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
রেলওয়ে সূত্রে জানা যায়, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করছিল। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। সেখানে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ‘জ’ বগির আসনগুলোতে পেট্রোল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ স্প্রে করা অবস্থায় পাওয়া যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
এদিকে, ঘটনার খবর পেয়ে ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮) নামে দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি কুমিল্লা। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করে।
অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
