
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে

উত্তরের জনপদ পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। সকাল গড়িয়ে বেলা বাড়লেও অনেক সময় দেখা মিলছে না সূর্যের। দেরিতে সূর্যের দেখা মিললেও থাকছে না কাঙ্ক্ষিত উত্তাপ। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের পাশাপাশি শীতের অনুভূতিও বাড়ছে। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। দিনের বেলাতেও বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া মানুষ ও দূরপাল্লার যানবাহনের চালকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।
শীতের এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে ভোরেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবীদের। কেউ কৃষিকাজে, কেউ দিনমজুরের কাজে, আবার কেউ জীবিকার সন্ধানে ছুটছেন শহরের বিভিন্ন এলাকায়। কিন্তু কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক কাজকর্ম করতে কষ্ট হচ্ছে তাদের। জেলার নদীর বালু পাথর শ্রমিকদের দুর্ভোগ আরও বেশি। কনকনে ঠাণ্ডা পানিতে নেমে তাদের বালু পাথর সংগ্রহ করতে হয়।
রিকশা চালক আব্দুল মজিদ বলেন, ‘কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠাণ্ডা অনেক বেড়েছে। ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কষ্টও শুরু হলো।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারোর ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, ‘সামনে তাপমাত্রা আরও কমে আসার পাশাপাশি শীতের তীব্রতা আরও বাড়বে।’
