
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, লন্ডন, আমেরিকা ও কানাডাসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে মরদেহ দেশে আনতে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
এক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে বলে জানান তিনি।
প্রবাসীদের চিকিৎসায় সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিতে সেবা দিতে সরকার সচেষ্ট আছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি সিলেটের পর্যটন স্পট ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রবাসীদের আইনি সহায়তায় ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।
